কাজ চায় তরুণরা ভাতা নয়: শফিকুর রহমান

কাজ চায় তরুণরা ভাতা নয়: শফিকুর রহমান

মেধাবীদের মেধার পূর্ণ বিকাশে রাষ্ট্রই দায়িত্ব নেবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো শিশুই লেখাপড়ার বাইরে থাকবে না। এমনকি যেসব মা অর্থনৈতিকভাবে অসচ্ছল, তাদের সন্তানদের শিক্ষার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। তিনি জানান, মেয়েরা মাস্টার্স পর্যন্ত সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর এ.টিম মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সমাজে এমন বহু পরিবার আছে যাদের নিত্যপ্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হয়। কিন্তু সেই পরিবারে যদি মেধাবী সন্তান থাকে, তবে তার মেধা বিকাশের দায়িত্ব রাষ্ট্র নেবে, যেন সে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝতে শেখে।

তিনি বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যারা অতীতে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিলেন, তাদের আমি ক্ষমা করে দিয়েছি। আমি কোনো অপচর্চার জবাব দেইনি এবং দেবো না—এটাই আমার অঙ্গীকার।

নওগাঁ জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক জেলা। দেশের খাদ্য ও ফল উৎপাদনে এই জেলার বড় অবদান থাকলেও অবকাঠামোগত উন্নয়নে নওগাঁ এখনও বঞ্চিত। শহরের প্রধান সড়ক প্রশস্ত করা ও চার লেনে উন্নীত করা জরুরি। সুযোগ পেলে এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, নওগাঁয় একটি মানসম্মত মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাশাপাশি উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এখানে কৃষিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে, যেখানে শিক্ষা হবে বাস্তবভিত্তিক ও পেশামুখী।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণাগার নির্মাণ এবং আম, লিচু ও পেয়ারা প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের কথাও বলেন তিনি। এতে কৃষিপণ্যের অপচয় কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে।

পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, কুসুম্বা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দুবলাহাটি রাজবাড়ীসহ প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ তারেক রহমানের আহ্বান

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের ক্ষমতা বাড়ায়নি, বরং লুটপাটের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়েছে। জনগণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থ ফিরিয়ে এনে দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল থেকে উন্নয়ন শুরু করা হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, কাজ চায় তরুণরা ভাতা নয়: শফিকুর রহমান আরও বলেন যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। পাশাপাশি নারী ও মায়েদের সম্মান রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মায়ের সম্মানই জাতির সম্মান।

শেষে তিনি বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়—যোগ্যতা ও দেশপ্রেমই হবে একমাত্র মাপকাঠি। মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Comment