লুটপাটকারীদের ছাড় নয়: জামায়াত আমির
লুটপাটকারীদের ছাড় নয়: জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায় না এবং দেশকে পরাধীন করে রাখতে আগ্রহী, তারাই এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার পর মিথ্যাচারে লিপ্ত হয়েছে। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি অতীতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে বলেন, মেগা প্রকল্পের আড়ালে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার দাবি, স্বৈরাচারী শাসনামলে প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। এই অর্থ কোনো ব্যক্তির নয়, এটি জনগণের সম্পদ। আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে আর কাউকে দেশের টাকা লুটপাট করতে দেওয়া হবে না। যারা জনগণের অর্থ আত্মসাৎ করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তরুণ সমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা কোনো ভাতা দাবি করেনি, তারা চেয়েছিল কাজের অধিকার। জামায়াতে ইসলামী যুবসমাজকে কথা দিচ্ছে—তাদের মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে। এরপর তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে। শিক্ষার্থীরা মাস্টার্স পর্যন্ত সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনার সুযোগ পাবে। শিক্ষা হবে সবার জন্য সমান ও সহজলভ্য।
নারীদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মায়েদের সম্মান ও মর্যাদা রক্ষা করা জাতির দায়িত্ব। মায়ের অপমান কোনোভাবেই সহ্য করা হবে না। ঘর থেকে শুরু করে কর্মস্থল পর্যন্ত সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে।
আগামী ১২ তারিখের নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রিয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ জুলাই আন্দোলনের শহীদদের বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীকে ভোট দিতে হবে। এই নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। গণভোটে ‘হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি’—এই চেতনাকে সামনে রেখে দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে বিভিন্ন আসনের প্রার্থীদের হাতে নিজ নিজ দলীয় প্রতীক তুলে দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সূত্র দৈনিক ইত্তেফাক
