শিক্ষানবীশ সহকারী ব্যবস্থাপক নিয়োগ
রাজধানী ঢাকাভিত্তিক জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা Bangladesh Association for Community Education (BACE) শিক্ষানবীশ সহকারী ব্যবস্থাপক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
শিক্ষানবীশ সহকারী ব্যবস্থাপক নিয়োগ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে, কারণ নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশজুড়ে সংস্থার বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করতে হতে পারে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে স্নাতক বা সম্মান পাস হতে হবে। বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়; তবে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং নির্দিষ্ট সফটওয়্যারে ডাটা এন্ট্রি করার সক্ষমতা থাকতে হবে। যেসব প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল রয়েছে, তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
এনজিও সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ
দায়িত্বের মধ্যে থাকবে মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে সমন্বয় করে সদস্য তত্ত্বাবধান, নতুন সদস্য নির্বাচন, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন। এছাড়া শাখা হিসাবরক্ষক ও শাখা ব্যবস্থাপককে হিসাব সংরক্ষণ ও দাপ্তরিক কাজে সহায়তা করতে হবে।
শিক্ষানবীশ সহকারী ব্যবস্থাপক নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তদের প্রথম ছয় মাস শিক্ষানবীশ হিসেবে কাজ করতে হবে। এ সময় মাসিক নির্ধারিত বেতন থাকবে ২০,০০০ টাকা। শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে সংস্থার পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা হবে। নির্ধারিত বেতনের পাশাপাশি মোবাইল ভাতা, খাদ্য ভাতা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।
সংস্থাটি ১৯৭৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বেইস দেশের বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রম পরিচালনা করছে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, চাকরিতে যোগদানের আগে নির্ধারিত (ফেরতযোগ্য) জামানত জমা দিতে হবে এবং পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে চুক্তিবদ্ধ হতে হবে। অধ্যয়নরতদের আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে; তবে যারা পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় আছেন, তারা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবিসহ নির্বাহী পরিচালক, বেইস, ৫০ পুরানা পল্টন লেন (৬ষ্ঠ তলা), পল্টন, ঢাকা-১০০০ ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।
