শাপলা মামলায় কড়া পদক্ষেপ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার–এর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলাটির শুনানিতে প্রসিকিউশনের পক্ষে অংশ নেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও শাইখ মাহদী। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মেজবাহ।
এর আগে মামলাটির বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অভিযানের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে অনেকের হয়নি।
তিনি আরও জানান, ৬ মে নারায়ণগঞ্জে আরও ২০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং তাদের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে। একই দিনে চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্ত সংস্থার হাতে এসেছে।
শাপলা মামলায় কড়া পদক্ষেপ চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্ত কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। তদন্তের স্বার্থে এখনই মামলার অন্যান্য আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ সময় পর সেই ঘটনার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা
